Apan Desh | আপন দেশ

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১২, ১৭ এপ্রিল ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে সাদা সোনা খ্যাত বালু ব্যবসার। এর আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় এমপি লুৎফর রহমান মতিনের গ্রুপের হামলায় স্থানীয় বিএনপির চার নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে এলেঙ্গা পৌরসভার হলপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কালিহাতী থানায় উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন এলেঙ্গা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বিএনপি নেতা হাফিজুর রহমান এবং শিক্ষক শফিকুল ইসলাম। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাজাবাড়ী এলাকায় উজ্জ্বল সরকার ও এমপির ভাতিজা রাকিব সিকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বল সরকারকে খুঁজতে থাকে। তিনি আত্মরক্ষার জন্য একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেন। তাকে না পেয়ে হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ওপর কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

আহত আলামিন মিয়া অভিযোগ করেন, স্থানীয় এমপির ভাইয়ের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তিনি জানান, তারা অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুন <<>> বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পক্ষ। স্থানীয় এমপির ভাই আখতারুজ্জামান সিকদার জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপর পক্ষের অভিযোগ পেলে তা-ও তদন্ত করা হবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়