Apan Desh | আপন দেশ

ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, বন্ধ হলো হাসপাতাল

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৭, ১১ এপ্রিল ২০২৬

ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, বন্ধ হলো হাসপাতাল

ছবি : আপন দেশ

কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ‘ইউনিটি ট্রমা অ্যান্ড জেনারেল হসপিটাল’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) সকালে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম।

ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে নাজিয়া বিনতে আলমকে। সদস্য হিসেবে রয়েছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট সুমন কুমার দত্ত এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের এনেস্থিসিয়া কনসালটেন্ট আব্দুল্লাহ আল কাফি।

এর আগে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় লাকসাম বাইপাস এলাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল হোসাইন। তিনি লাকসাম উপজেলার কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র সন্তান। পরিবারের অভিযোগ, খেলতে গিয়ে হাতে আঘাত পেলে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভূইয়া অপারেশনের পরামর্শ দেন। এ জন্য ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন <<>> ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছিল। শিশুটির বাবার দাবি, প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ করে তাকে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। তখন শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানায়। পরে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি আগেই মারা গেছে।

ঘটনার পর স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতালে সামনে অবস্থান নেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কুমিল্লা-নোয়াখালী সড়কে টায়ারে আগুন জ্বালানো হয়। পরে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়