ছবি : আপন দেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তালিকাভুক্ত এক দুর্ধর্ষ চোরকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বনমালী নামে এক পুলিশ সদস্য। ঘেরাওয়ের মুখে পড়ে ওই পুলিশ সদস্যের মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন আসামি রাসেল ইসলাম।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল চিহ্নিত চোর ও একাধিক মামলার আসামি রাসেলের বাড়ি ঘেরাও করে। পুলিশের দলটি বাড়ির বিভিন্ন কক্ষের সামনে অবস্থান নেয় যাতে আসামি পালাতে না পারে। এ সময় রাসেল হঠাৎ একটি কক্ষের দরজা খুলে বের হয়ে হাতে থাকা রড দিয়ে পুলিশ সদস্য বনমালীর মাথায় সজোরে আঘাত করেন। আকস্মিক এ হামলায় বনমালী মাটিতে লুটিয়ে পড়লে সে সুযোগে কৌশলে পালিয়ে যান রাসেল।
আরও পড়ুন<<>>শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, মাদরাসা শিক্ষক গ্রেফতার
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। রক্তপাত বন্ধ করতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল একজন চিহ্নিত এবং তালিকাভুক্ত অপরাধী। তার নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদিন বিকেলে তার বাড়ি ঘেরাও করা হয়েছিল। কিন্তু সে অতর্কিত হামলা চালিয়ে আমাদের এক সদস্যকে আহত করে পালিয়ে গেছে।
ওসি আরও জানান, হামলাকারী রাসেলকে গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার দায়ে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































