প্রতীকী ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা শাহিন শিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ভূরুঙ্গামারী উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মাইদুল ইসলাম জানান, মাদকসহ একটি মোটরসাইকেল ছেড়ে দেয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার দোকানে ঢুকে তাকে মারধর করে এবং পরে থানায় নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়ার হুমকিও দেয়া হয়।
স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা পর তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মাদক ও মোটরসাইকেল ছাড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত নেতার সংশ্লিষ্টতার অভিযোগ এলাকায় প্রচলিত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
আরও পড়ুন <<>> নিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার
অভিযুক্ত শাহিন শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাংবাদিককে মারধর করেননি, তবে থানায় নেয়া হয়েছিল। পরে অনুরোধে তাকে ছেড়ে দিতে বলা হয়।
ঘটনার নিন্দা জানিয়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগান বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনি পথ খোলা ছিল, কিন্তু এভাবে হামলা করা গুরুতর উদ্বেগজনক।
উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের বহিষ্কৃত নেতা, তাই তার দায় দল নেবে না।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































