জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৭ মার্চ) যশোরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কারণ তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের ব্যয় বেড়ে যায়। চারদিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করছে এবং যাতে দুর্ভোগ না বাড়ে, সে জন্যই বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া হচ্ছে। বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।
জ্বালানি চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশে হঠাৎ চাহিদা বেড়েছে। আগে যেখানে দৈনিক ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, সেখানে ঈদের আগে তা বেড়ে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। একই সঙ্গে ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।
সামাজিক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার কাজ করছে। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চালু করেছিলেন, যা পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে। তবে অতীতে প্রকৃত উপকারভোগীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন <<>> পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রতিমন্ত্রী জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে, ধর্মগুরুদের জন্য সম্মানী চালু হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষ যদি প্রতিবেশী ও আত্মীয়ের অধিকার নিশ্চিত করে, তাহলে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কমে আসবে।
অনুষ্ঠানে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































