ছবি: আপন দেশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।
মো. নুরুল হক নুর বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে তখনকার বাস্তবতায় সেচ ও কৃষিনির্ভর অর্থনীতি প্রসারের জন্য এ ধরনের প্রকল্প গ্রহণ করেছিলেন। ম্যানুয়াল খনন পদ্ধতিতে কাজের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে দেশের উন্নয়নে নির্দেশনা দিচ্ছেন।
আরও পড়ুন <<>> অগ্নিদগ্ধ হয়ে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু
তিনি বলেন, আনুষ্ঠানিকতার চেয়ে কাজের ওপর গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। এ কারণে উদ্বোধনী অনুষ্ঠানে নামফলক বা ফুলের শুভেচ্ছার মতো আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি। প্রধানমন্ত্রী কাজের প্রতি অত্যন্ত নিবেদিত বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে আসেন এবং সচিবালয়ের কাজ শেষ করে পরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বারবার মনে করিয়ে দেন যে জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সরকার ক্ষমতায় রয়েছে, তাই কাজের মাধ্যমেই সে সমর্থন ধরে রাখতে হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার (প্রশাসন), পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের নেতারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































