ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রাইসা ইসলাম নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে তার দেয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার ওপর অগ্নিনির্যাতনের ঘটনা ঘটে।
নিহত রাইসা ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রি নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার বাবা পেশায় কাঠমিস্ত্রি এবং তার বড় ভাই ঢাকায় একটি ফলের দোকানে কাজ করেন। তার মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকেন।
আরও পড়ুন <<>> পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শিশুটিকে বলতে শোনা যায়, কেউ তাকে খারাপ কিছু করতে বলেছিল। সে তা না মানায় তার গায়ে আগুন দেয়া হয়েছে বলে দাবি করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































