ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বাধা দেয়া হয়। এছাড়া তার কর্মীদের ওপর মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার এক কর্মী আহাদ সরাইল থানায় মামলাটি দায়ের করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, এজহার নামীয় মূল আসামি পাঁচজন এবং অজ্ঞাত আরও ১৪০–১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। বিএনপির নেতাকর্মীরা রুমিন ফারহানাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। উত্তেজনার এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এবং রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। এতে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
আরও পড়ুন <<>> অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ গ্রামবাসী গুলিবিদ্ধ
পরবর্তীতে রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। যা প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে।
উল্লেখ্য, রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































