ছবি: সংগৃহীত
ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। এ বিজয় দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির বাড়তে থাকা অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে তাদের জয় নিশ্চিত হয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় আসে।
নির্বাচিত চারজন হলেন—সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ।
সাঁ-দেনিতে নাহিদুল ইসলাম বামপন্থি দল ‘লা ফ্রান্স ইনসুমিস’ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে জয় পেয়েছেন। তার এ সাফল্য স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
অন্যদিকে, স্তা শহরে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা এ পুনর্নির্বাচনের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।
ক্রেতেই শহরে সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী ফাহিম মোহাম্মদ। তিনি তরুণ প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল প্রতিনিধি। শৈশবে নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি দাবা খেলোয়াড় হিসেবে পরিচিতি পান। বর্তমানে তিনি পেশায় একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট।
আরও পড়ুন <<>> আমিরাতের ফিতরা ‘আড়াই কেজি চাল’
ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলেয়ার’ জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।
এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিলেও সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে অন্য কারও বিজয়ের খবর পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক শক্তির প্রতিফলন। স্থানীয় পর্যায়ে এ অংশগ্রহণ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে কিছু এলাকায় ডানপন্থি ও কট্টর ডানপন্থি দলগুলোর অগ্রগতিও লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের মতে, এ প্রবণতা ফ্রান্সের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































