Apan Desh | আপন দেশ

রানার অটোমোবাইলসের মূলধন দ্বিগুণ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৯, ২৩ আগস্ট ২০২৬

রানার অটোমোবাইলসের মূলধন দ্বিগুণ করার উদ্যোগ

রানার অটোমোবাইলসের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি অনুমোদিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ২৫০ কোটি টাকার কিউমুলেটিভ ও নন-পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত কোম্পানিটির ২০২তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় রানার অটোমোবাইলসের চলমান ব্যবসায়িক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে মূলধন বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর করতে অসাধারণ সাধারণ সভা (ইজিএম) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন চলছে

শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ০৮ অক্টোবর ২০২৬ ইজিএম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সভা শুরু হবে সকাল সাড়ে ১১টায়। সভার স্থান পরবর্তীতে জানানো হবে। ইজিএমে অংশ নেয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট রাখা হয়েছে ১৩ সেপ্টেম্বর ২০২৬।

এদিকে রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ ২৫০ কোটি টাকার কিউমুলেটিভ ও নন-পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও অনুমোদন করেছে। এসব প্রেফারেন্স শেয়ারে ৫০ শতাংশ রূপান্তরের সুযোগ বা কনভার্টিবিলিটি থাকবে।

তবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তও সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়