ছবি : সংগৃহীত
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে (গ্রুপ) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর হংকংকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের নারী হকি দল।
বুধবার (০৯ সেপ্টেম্বর) চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে করে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে তারা হংকংয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৯ মিনিটে প্রথম সাফল্য আসে। পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দলের অধিনায় শারিকা রিমন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
এরপর শুরু হয় মাঠের বাকি খেলোয়াড়দের ফিল্ড গোলের মহোৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আক্রমণের ধার বজায় রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর ঠিক দুই মিনিট পর, ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত লিমা। এটি ছিল ম্যাচে লিমারও দ্বিতীয় ব্যক্তিগত গোল।
চীনের মাটিতে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির ইতিহাসে এক নতুন মাইলফলক। পুরো টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বাংলাদেশের মেয়েরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































