Apan Desh | আপন দেশ

নতুন চ্যালেঞ্জ নিয়ে দেশ ছাড়লেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন চ্যালেঞ্জ নিয়ে দেশ ছাড়লেন মিরাজ

ছবি: মিরাজের ফেসবুক থেকে নেয়া

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচের তাড়া নেই, ঘরোয়া ক্রিকেট আপাতত বন্ধ। হাতে অলস সময়, আর সেটিই কাজে লাগাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। বসে অলস সময় পার করার চেয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে দেশ ছাড়লেন এ অলরাউন্ডার। 

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার আমন্ত্রণ পেয়েছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের এ ফ্র্যাঞ্চাইজি লিগটিতে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। শনিবার (০৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন, নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।

এর আগে সিপিএলে কখনও খেলেননি মিরাজ। সেদিক থেকে এটি নতুন চ্যালেঞ্জই। তবে সিপিএলে তার পা পড়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলিতেই। ২০১৭ সালে তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

আরও পড়ুন<<>>চাইনিজ তাইপের জালে বাংলাদেশের ৭ গোল

গত বছরের পাকিস্তান সুপার লিগেও মিরাজকে নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে সেখানেও তার মাঠে নামা হয়নি। অবশেষে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান তিনি গত জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্যালান্টসের হয়ে অবশ্য আসরটি মোটেও ভালো কাটেনি তার। চার ম্যাচ খেলার পর একাদশেও জায়গা হারিয়েছিলেন।

এবার ভিন্ন করে দেখানোর সুযোগ তার সামনে। গায়ানা তাকে নিয়েছে মূলত মোহাম্মাদ নাবির বদলি হিসেবে। আফগান এ অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজের জন্য যোগ দেবেন জাতীয় দলে। মিরাজের তাই খেলার সুযোগ আসতে পারে এবার।

দেশ ছাড়ার আগে মিরাজ জেনে গেছেন, এ দিন ভোরেই জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে তার দল গায়ানা। গতবারের রানার্স আপরা এবার আসরের শুরুটা দুর্দান্ত করেছে পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়