Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে জলঘোলার চেষ্টা মিশরের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৪, ৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে জলঘোলার চেষ্টা মিশরের

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মিশর। তবে ম্যাচ শেষে রেফারিং ও ভিএআর ব্যবহারের তীব্র সমালোচনা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচে নেয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে তারা নীরব থাকতে পারে না।

মঙ্গলবার (০৭ জুলাই) আটালান্টায় রোমাঞ্চকর ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে প্রকাশিত বিবৃতিতে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়, ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এগুলো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

তারা আরও জানায়, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও ম্যাচে ঘটে যাওয়া বিতর্কিত রেফারিং সিদ্ধান্তগুলোর সমালোচনা করেছেন। তাই ২০২৬ বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে সর্বোচ্চ মানের সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মিশরীয় ফুটবল সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মনোভাব এবং খেলার প্রতি সম্মান প্রদর্শন করেছে। একইভাবে আমরা প্রত্যাশা করি, প্রতিটি দল সমান সুযোগ পাবে এবং ফুটবলের আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে।

সংস্থাটি জানায়, ম্যাচে যা ঘটেছে, তাতে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কোটি সমর্থকের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারা আরও উচ্চমানের অফিশিয়েটিং প্রত্যাশা করেছিলেন।

বিবৃতির শেষাংশে বলা হয়, জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব। এটি কোনোভাবেই উপেক্ষা করার বিষয় নয়। মিশরের জার্সি গায়ে প্রতিটি খেলোয়াড় এবং দলের প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং আইনের সমান প্রয়োগ পাওয়ার অধিকার রাখেন।

আরও পড়ুন<<>> আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

এর আগে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, তার দল অন্যায়ের শিকার হয়েছে। এমনকি তিনি ইঙ্গিত দেন, ফিফা লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে চেয়েছিল।

হোসাম হাসান বলেন, আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফল নির্ধারণ করেছে। হয়তো তারা বিশ্বচ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।

আর্জেন্টিনার হয়ে ম্যাচে সমতাসূচক গোল করেন লিওনেল মেসি। এছাড়া মিশর অভিযোগ করেছে, তাদের একটি গোল ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হয় এবং জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সম্ভাব্য ফাউলের ঘটনাও পর্যালোচনা করা হয়নি।

এদিকে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফিফা। জবাব দেবে কী ফিফা?

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়