Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে অন্তর্বর্তী সরকার’

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৩, ১৬ মে ২০২৬

‘বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে অন্তর্বর্তী সরকার’

ছবি: আপন দেশ

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন মন্তব্য করেছেন সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংস্থাকে দেয়া ২০ কোটি টাকার অনুদান ফিরিয়ে নেয়ার ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সিরাজ শুক্লা, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নির্দেশে তৎকালীন মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিঞা ওরফে সিরাজ উদ্দিন সাথী স্বাক্ষরিত আদেশে সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখা থেকে এ টাকা কেড়ে নেয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীসহ সংস্থার কাউকে কিছুই জানানো হয়নি।

সংস্থার সভানেত্রী হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা অতি দ্রুত অনুদানের এ ২০ কোটি টাকা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে ফেরৎ দেয়ার আহবান জানান।

পাশাপাশি কোন প্রক্রিয়ায় অনুদানের টাকা কেড়ে নিয়ে নারীর ক্রীড়া, উন্নয়ণ ও ক্ষমতায়নের পথকে এভাবে বাধাগ্রস্থ করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত প্রতিকার চেয়েছেন তিনি। এ তদন্তে প্রধানমন্ত্রী, ক্রীড়া-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন <<>> তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে গত ২০২২ সালের ২১শে এপ্রিল এবং ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দুইটি চেকের মাধ্যমে মোট বিশ কোটি টাকা অনুদান হিসেবে এফডিআর (ঋউজ) করে দেয়া হয়। ওই ঋউজ এর লভ্যাংশের শতকরা ৮০ ভাগ টাকা বাংলাদেশ মহিলা ক্রীড়া উন্নয়নের জন্য উল্লেখ করা হয়। এছাড়া বাকি ২০ ভাগ অর্থ সিড মানির সাথে যুক্ত থাকার কথা ছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকারের পতনের পরেও ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত লভ্যাংশ দেয়া অব্যাহত ছিল।
 
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, এরপর হঠাৎ লভ্যাংশের টাকা দেয়া বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এর কারণ জানতে চেয়ে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তথ্য দিয়ে কোনো প্রকার সহযোগিতা করেনি।

তিনি জানান, গত ৬ মে সংস্থার সাধারণ সম্পাদিকা ও হিসাবরক্ষক ব্যাংকে উপস্থিত হলে মৌখিকভাবে জানানো হয় যে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিশ কোটি টাকার অনুদান ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ফেরত নিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়