Apan Desh | আপন দেশ

লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০০, ২১ জুন ২০২৬

লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

যুক্তরাজ্য সফরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম।

এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে এক প্রেস রিলিজে দলটির ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে থানায় মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এছাড়া অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় ও সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন <<>> আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমীর

মামলার বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবারদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এখন আইনিভাবে বিষয়টি দেখছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বলেন, আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পতিত ফ্যাসিস্ট। তবে আমাদের ডায়াস্পোরা এলায়েন্স তা আইনিভাবে মোকাবিলা করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: