ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দি ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিটে’ অংশ নিচ্ছেন। স্মরণযোগ্য এ সম্মেলন ২৪ ও ২৫ মার্চ ওয়াশিংটন ডিসিতে হচ্ছে। এতে বিশ্বের চল্লিশের বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রী অংশ নিচ্ছেন। সম্মেলন শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
মঙ্গলবার (২৪ মার্চ মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দফতরে সম্মেলনের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন। এতে জুবাইদা রহমান শিশুদের যত্ন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহবান জানান।
সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ প্রদর্শন করে। জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল এ প্রদর্শনী পরিদর্শন করেন। বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে ফার্স্ট লেডির আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী ওয়ার্কিং সেশনে জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিটি জাতির ভবিষ্যৎ তাদের শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল।
একজন চিকিৎসক হিসেবে তিনি বলেন, প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু চিকিৎসা নয়, জীবনের প্রাথমিক পর্যায় থেকে প্রতিরোধেও জোর দেয়া হবে।
আরও পড়ুন <<>> মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
অন্তর্ভূক্তিমূলক ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার শিক্ষাব্যবস্থাকে রূপান্তরিত করতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে প্রশিক্ষিত শিক্ষক ও উপকরণের সহজলভ্যতা এখনও সীমিত।
তিনি বলেন, প্রযুক্তি, বিশেষ করে এডটেক, শহুরে ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ। একইসাথে, সরঞ্জামগুলোর নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে শিশুরা নিরাপদ ও সহায়ক পরিবেশে বেড়ে ওঠে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































