Apan Desh | আপন দেশ

তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ১৩ অক্টোবর ২০২৬

তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ছবি : আপন দেশ

তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার এ আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি জানান, বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বলেছেন, বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের এখনই উপযুক্ত সময়। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

এসময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে মুক্ত বাণিজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্ত বাণিজ্যের বিষয়ে তার আগ্রহের কথা জানান।

আরও পড়ুন <<>> সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক 

এসময় ইইউর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে।

বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান। এসময় তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক পরিকল্পনার প্রশংসা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ বলেছে, এ সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পাশাপাশি কৃষিখাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করে। দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে তার সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch