Apan Desh | আপন দেশ

পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১৮, ৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। আহত তার ছেলে আরিফুল ইসলাম (২৬)।

আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন<<>>রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর আহত, আটক ১

রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে হত্যা করেছে কয়েকজন ব্যক্তি। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাবো।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসবির ওই সদস্য হামলার শিকার হন। মূলত একটি প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গেলে আলতাফ ও তার ছেলেকে পিটিয়ে আহত করা হয়। এতে আলতাফের মৃত্যু হয়। তার ছেলে গুরুতর আহত হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির সাব ইন্সপেক্টর। তবে তিনি সাভার জোনের নয়, তিনি ঢাকার জোনে কর্মরত। সাভারের আমিনবাজরে তার জায়গা আছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা খোঁজখবর নিচ্ছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়