Apan Desh | আপন দেশ

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

শাপলা চত্বর হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (০৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন। আর পলাতক আছেন ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামূলে তাদের নিজ নিজ ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব কার্যক্রমের পরই বিচারকার্য শুরু হবে।

শাপলা চত্বরের মামলা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা বিচারকার্যে সব মামলাকেই প্রাধান্য দিয়ে থাকি। তবে শাপলা চত্বর গণহত্যার মামলাটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করব। 

আরও পড়ুন<<>>সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনাকে আওয়ামী লীগ বলেছিল, রঙ মেখে অভিনয় করেছে। অথচ ৬১ জন আলেম-ওলামাকে গুলি করে হত্যা করেছে তারা। এ বিচার নিয়ে নানাভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু ধর্মপ্রাণ মানুষদের আকাঙ্ক্ষা ছিল শাপলা চত্বরের এ হত্যা মামলাটির যেন বিচার হয়। মানুষের গণদাবিও রয়েছে। আমরা জনগণের এমন দাবির প্রতি শ্রদ্ধা রেখে বিচারটি দ্রুততার সঙ্গে শেষ করব।

তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে উস্কানির ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকের সম্পৃক্ততা মিলেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

ট্রাইব্যুনালের সিকিউরিটি আগের চেয়ে বাড়ানো হয়েছে জানিয়ে প্রসিকিউটর বলেন, প্রভাবশালী আসামিদের বিচার শেষ পর্যায়ে চলে যাচ্ছে। স্যাবোটাজ হতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এ ঘটনায় ৪১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়