Apan Desh | আপন দেশ

বাংলাদেশের রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৮, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৫১, ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দ্রুপদি মর্মু। ফাইল ছবি

দুই দেশের সম্পর্কের টানাপোড়নের মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ শেষ হওয়ার পরপরই এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। 

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ (কানেক্টিভিটি), যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিবেশীর সম্পর্ক যেভাবে বিস্তৃত হয়েছে, সেটির প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি।

এছাড়াও দুই প্রতিবেশী দেশের এ বহুমুখী অংশীদারত্বকে আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও বেগবান করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। 

বার্তার শেষাংশে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান। 

এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়