Apan Desh | আপন দেশ

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১৮, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:২১, ২১ আগস্ট ২০২৬

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়

ছবি: আপন দেশ

দীর্ঘ সাড়ে তিন দশক পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপির সাবেক এ মহাসচিরকে বিজয়ী ঘোষণা করে রাতেই প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন সম্পূর্ণ প্রস্তুত। দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এ হলটিতে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, এমপি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

আরও পড়ুন<<>>দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এ ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।  দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হলো।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
 
আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়