ছবি: আপন দেশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন <<>> পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হতে পারে।
এদিকে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































