ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে ভবিষ্যতে ইসরায়েল যদি আবার লেবাননে হামলা চালায়, তাহলে আরও কঠোর ও তীব্র জবাব দেয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।
সোমবার (০৮ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়েহ এলাকায় ইসরায়েলের আগ্রাসন এবং উসকানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনী সামরিক পদক্ষেপ নেয়। লেবাননের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হয়েছে বলেও দাবি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে গোলাগুলি বন্ধের আহবান জানানোর পরই ইরানের সামরিক বাহিনীর এ বিবৃতি আসে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে চলমান সংঘাত নিরসনে সম্ভাব্য শান্তি উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে এ সংঘাত দুই দেশের অর্থনীতিতেও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানকে মোকাবিলার জন্য বিভিন্ন সামরিক বিকল্প প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এ অভিযান কয়েক দিন কিংবা প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে।
আরও পড়ুন <<>> আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরও ব্যাপক জবাব দেবে ইরান
রোববার (০৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে একই রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী।
এরপর সোমবার সকালে ইসরায়েল তেহরান, ইস্ফাহানসহ ইরানের তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রায় এক ঘণ্টা পর ইরান থেকেও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। কয়েক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































