ছবি : আপন দেশ
আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
সোমবার (০৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
নূরুল হক নূর জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন<<>> বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু
তিনি বলেন, দক্ষ ও পেশাদার কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান বাজারে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ রয়েছে অথবা সীমিত আকারে চলছে, সেসব শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।
এ লক্ষ্যে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































