Apan Desh | আপন দেশ

‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৬, ২১ মে ২০২৬

আপডেট: ১৪:৩৬, ২১ মে ২০২৬

‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে’

ছবি : আপন দেশ

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে এক সাক্ষাৎ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছেন।

বৈঠকে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়েছিল, তার অনেক বিষয়ই এই চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের মতামত ও পরামর্শও এ প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।

কমিশনের সদস্যরা বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির অনুরোধ জানান। তারা উল্লেখ করেন, একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে একদিকে যেমন রোগের প্রকোপ ও চিকিৎসা ব্যয় কমবে, অন্যদিকে তৃতীয় পর্যায়ের বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তারা বলেন, ‘কমিশনের বিভিন্ন সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক ইশতেহারেরও উল্লেখযোগ্য মিল রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতের সামগ্রিক সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, চিকিৎসকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নের বিষয়ে।’

আরও পড়ুন : দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সাক্ষাৎ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান, কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা ও ডা. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়