Apan Desh | আপন দেশ

‘তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪৯, ১৪ মে ২০২৬

আপডেট: ১১:৫০, ১৪ মে ২০২৬

‘তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ড আসিফ নজরুল

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সম্প্রতি বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

বুধবার (১৩ মে) ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন।

‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’— উল্লেখ করে পোস্টে ঢাবির আইন বিভাগের এ অধ্যাপক লিখেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।

আরও পড়ুন<<>>রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী

তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।

তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তিনি লিখেন, এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়