ছবি: আপন দেশ
সৌদিতে নিবন্ধিত ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
সাক্ষাৎকালে ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সৌদি সরকার ও দূতাবাসের সাথে সমন্বয় করে একটি বিশেষ অ্যাপ তৈরির প্রস্তাবও দেন।
সাক্ষাৎকালে আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’র মাধ্যমে আসন্ন দিনগুলোতে প্রবাসীদের জন্য বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
বৈঠকে মন্ত্রী সৌদি দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব দেন। দক্ষ জনশক্তি নিয়োগ নিশ্চিতে বর্তমানে ৭৩টি পেশায় চালু থাকা ‘দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম’র পরিধি আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে (টিটিসি) সৌদি আরবের মানদণ্ড অনুযায়ী আধুনিকায়ন এবং যৌথ তদারকিতে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, যাচাইকৃত ও দক্ষ কর্মীদের একটি ডিজিটাল ডাটাবেজ বা ‘কোয়ালিফাইড ট্যালেন্ট ব্যাংক’ তৈরি করা প্রয়োজন, যা নিয়োগ প্রক্রিয়াকে কয়েক সপ্তাহ থেকে মাত্র কয়েক দিনে নামিয়ে আনবে। জনশক্তি নিয়োগে যেকোনো ধরনের অবৈধ লেনদেন, অনিয়ম বা কর্মী হয়রানির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তিনি রাষ্ট্রদূতকে স্পষ্টভাবে জানান।
আরও পড়ুন <<>> ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ
এছাড়া সৌদিতে দক্ষ শ্রমিক পাঠানোর পাশাপাশি হোয়াইট কলার চাকরিতে কর্মী নেয়ার জন্য রাষ্ট্রদূতকে আহবান জানান।
সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া শুরুতেই বর্তমান সরকারকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের অক্টোবরে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বর্তমান আলোচনার অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যেসব বিষয় চুক্তিতে নেই, সেগুলো আলোচনার মাধ্যমে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, আকামার ফি নিয়োগকারী কর্তৃপক্ষের বহন করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা কর্মীদের ওপর চাপিয়ে দেয়া হয়, যা হওয়া উচিত নয়। শিক্ষা সহায়তার বিষয়ে তিনি জানান, বর্তমানে ২৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়া হচ্ছে, যা ভবিষ্যতে ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি সৌদি থেকে সিলেট বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















