Apan Desh | আপন দেশ

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:০৬, ১৯ এপ্রিল ২০২৬

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবির বিরোধীতা করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, বর্তমান কমিটিতে মালিক ও শ্রমিক সংগঠনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এ প্রভাব কমিয়ে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের সংখ্যানুপাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ শতাংশ বাড়ানোর প্রেক্ষাপটে এ দাবি জানানো হয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে ভাড়া নির্ধারণে মালিকপক্ষ ও সরকারের বর্তমান নীতির কঠোর সমালোচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকার এক যুগেরও বেশি সময় ধরে সড়ক ও নৌযোগাযোগ খাতে বেসরকারি বাস ও লঞ্চ মালিক এবং শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের নিয়ে সব সিদ্ধান্ত নিয়েছে। ভাড়া নির্ধারণ, সুযোগ-সুবিধা ও নীতিনির্ধারণে তাদের প্রভাব ছিল একচ্ছত্র। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এতে আরও অভিযোগ করা হয়, গণমানুষের দল বিএনপি সরকার গঠনের পরও আগের নীতি অনুসরণ করছে। এতে জনগণের মধ্যে হতাশা বাড়ছে। এমন পরিস্থিতিতে মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে, যা নতুন করে চাপ সৃষ্টি করেছে।

আরও পড়ুন <<>> রাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী

সমিতির পর্যবেক্ষণে বলা হয়, সড়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ে ভাড়া নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অতীতে যেমন বিশেষজ্ঞ প্যানেল ছিল না, এখনও নেই। এ সুযোগে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা নিজেদের মতো ভাড়ার তালিকা তৈরি করেন। পরে তা মন্ত্রণালয়ে জমা দিয়ে প্রভাব খাটিয়ে অনুমোদন নেন। ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ পড়ে। যাত্রীস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমান সরকার অতীতের নীতি থেকে সরে এসে জনস্বার্থকে অগ্রাধিকার দেবে—এমন প্রত্যাশা রয়েছে। বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণে আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন অনুসরণ করার আহবান জানানো হয়।

এ লক্ষ্যে ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। এতে মালিক সমিতির পাশাপাশি যাত্রী ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিদের সংখ্যানুপাতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। জনস্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়