ফাইল ছবি
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।
সোমবার (০৬ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষায় আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সূচি অনুযায়ী, ৯ এপ্রিল বাংলা (প্রথম পত্র), ১২ এপ্রিল বাংলা (দ্বিতীয় পত্র), ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল। এসব পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে। ঢাকায় মোহাম্মদপুর সরকারি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজসহ মোট ৮টি প্রতিষ্ঠানে আসন বিন্যাস করা হয়েছে। অন্যান্য বিভাগীয় শহরের নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানেও পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য জারি করা হয়েছে কড়াকড়ি নির্দেশনা। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সবাইকে হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ করে দেয়া হবে। দেরিতে এলে প্রবেশের সুযোগ থাকবে না।
লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ। তবে কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
আরও পড়ুন <<>> কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা
পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর (সাধারণ ছাড়া), ব্যাগ, বই ও ব্যাংক কার্ড নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। হলের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। নিষিদ্ধ কোনো সামগ্রী পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, প্রতিটি পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে। কোনো ধরনের আবরণ রাখা যাবে না। এছাড়া, শ্রুতিলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































