ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ৬টার মধ্যে সব শপিংমল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সরকারের কাছে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে। তাদের দাবি, সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর সুযোগ দেয়া হোক।
শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর বিষয়টি বিবেচনায় আনা হয়।
ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছেন, প্রয়োজনে দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা করা যেতে পারে। তবে বন্ধের সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো প্রয়োজন।
এর আগে জ্বালানি সাশ্রয়ে সহায়তার অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠনটি নিজ উদ্যোগে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন <<>> সপরিবারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।
এছাড়া, দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এ সিদ্ধান্ত ৩ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং ব্যবসা সচল রাখার মধ্যে সমন্বয় খুঁজে পেতে সরকারের কাছে এ দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































