ফাইল ছবি
জাতীয় সংসদে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ ওঠেছে। সংসদ সদস্যরা জানান, এমন পরিস্থিতিতে খোদ তারা নিজেও পাম্পে ঘুরে তেল পাননি।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ অভিযোগ করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, আজ জ্বালানি তেল নিয়ে বলা হচ্ছে দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তখন কতটা, তা সহজেই অনুমেয়।
আরও পড়ুন <<>> সাপ্তাহিক ছুটির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার
তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার পাম্পেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে বেশি দামে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।
সংসদ সদস্যরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































