ছবি : আপন দেশ
রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আজকে তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটল। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’
প্রধানমন্ত্রী যখন ৩ শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারও-ই বুঝতে বাকি রইল না যে, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।
প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ বিষয়ে রুমন জানান, রোববার (০৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে এ কথা বলেন।
আরও পড়ুন : ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি
আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ ছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































