ছবি: আপন দেশ
চাঁদপুরে দায়ের করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি–কে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
জিআর ৫৭৯, ৫৭১ ও ৫৮৫ নম্বর মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত, উপ-পরিদর্শক নাদির শাহ এবং উপ-পরিদর্শক নূরে আলম।
তদন্ত কর্মকর্তা নাদির শাহ জানান, জেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকে বাসায় ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলায় ডা. দীপু মনিকে প্রধান আসামি করা হয়েছে।
অন্যদিকে, মিন্টু দত্ত জানান, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার ইন্ধনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন <<>> বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
আরেক মামলার তদন্ত কর্মকর্তা নূরে আলম বলেন, একই দিনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের সময় সড়ক ভবনের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায়ও তাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. দীপু মনি। আদালতে তিনি নিজেই নিজের পক্ষে বক্তব্য দেন। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালত জানায়, তিনটি ঘটনাই চাঁদপুরে সংঘটিত হয়েছে এবং তাকে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলায় অংশ নেন জিপি এজেডএম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদসহ আরও কয়েকজন আইনজীবী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































