Apan Desh | আপন দেশ

ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহবান আফগান দূতের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৬, ১৮ আগস্ট ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহবান আফগান দূতের

ছবি : সংগৃহীত

কাবুলে তালেবানের ক্ষমতার ৫ বছর পূর্তি উপলক্ষে ভারতের সঙ্গে রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক অংশীদারত্ব ও ধারাবাহিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন আফগানিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। 

সোমবার (১৭ আগস্ট) নয়া দিল্লিতে আফগান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

আহমেদ নূর বলেন, আফগানিস্তান ও ভারতের মধ্যে জোরদার সম্পর্কে উভয় দেশের জন্যই লাভজনক। এটি আঞ্চলিক স্থিতিশীলতা, যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ সমৃদ্ধিতে ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২১ সালের ১৫ আগস্ট কাবুলে তালেবানের ক্ষমতায় ফেরার পঞ্চম বার্ষিকী উদযাপনে আফগান দূতাবাস এ সংবর্ধনার আয়োজন করে। তালেবান ক্ষমতায় আসার পর দিল্লিতে এ ধরনের প্রথম কোনও প্রকাশ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। যদিও ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

নূর আহমেদ নূর জানান, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত। তার দেশ সব রাষ্ট্রের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, বাস্তবমুখী এবং টেকসই সম্পর্ক চায়। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, দূতাবাস ও কনস্যুলেটগুলোর তৎপরতা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি ও মানবিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি গঠনমূলক সমঝোতা তৈরি হয়েছে। 

আরও পড়ুন<<>>ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ৪

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে নূর বলেন, কাবুল, হেরাত ও কান্দাহারের মতো আফগানিস্তানের প্রাচীন শহরগুলো একসময় ভারতীয় ব্যবসায়ী ও কাফেলাদের স্বাগত জানাত। অন্যদিকে দিল্লি ও লাহোরের মতো ভারতীয় শহরগুলো আফগান পণ্ডিত, কবি ও সুফিদের দ্বারা প্রভাবিত হয়েছিল।

তিনি আরও বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামেও দুই দেশ একে অপরকে প্রভাবিত করেছিল। এ যৌথ ইতিহাস থেকে শিক্ষা নিয়েই তারা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত হচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের ন্যায্য আন্তর্জাতিক অধিকার সুরক্ষা ও সুরক্ষার বিষয়ে ভারতের সমর্থনের আহবান জানান আফগান দূত।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়