Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। এমন এক নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। 

শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংস্থাটি বলছে, এ নতুন নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থার বিদ্যমান ‘ফাঁকফোকর’ বন্ধ করা সম্ভব হবে এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে তাদের সক্ষমতাও বাড়বে। তবে বিশেষ কিছু পরিস্থিতিতে ব্যতিক্রমী সুবিধা দেয়া হবে কি না, তা প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থা এইচআইএএস বলেছে, মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিক পদক্ষেপ হিসেবেই এ পরিবর্তনকে দেখা হচ্ছে। 

এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল। 

আরও পড়ুন : ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়