ছবি : সংগৃহীত
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের ব্যক্তিদের রাজ্য পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (২০ মে) নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার ২০২৫ সালের ১৪ মে পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছিল। তবে আগের সরকার সে নির্দেশনা কার্যকর করেনি। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, সিএএর আওতায় থাকা সাতটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ—যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন—তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি করা হবে না। তবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মুসলমানদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
তিনি আরও বলেন, সিএএর আওতার বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে গণ্য করা হবে। তাদের শনাক্ত করে গ্রেফতার, আটক এবং পরে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গে গরু কুরবানি না দেয়ার আহবান নাখোদা মসজিদের ইমামের
এ বিষয়ে রাজ্যের পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী যেসব এলাকায় এখনো বেড়া নির্মাণ হয়নি, সেখানে দ্রুত জমি অধিগ্রহণ ও হস্তান্তরের কাজ এগিয়ে নেয়া হবে।
তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে এখনো প্রায় ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। নতুন সরকার সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































