ছবি: সংগৃহীত
ভারতের বিহারে সরকারি স্কুলের এক ভয়াবহ এক ঘটনা ঘটেছে। স্কুলটির দুপুরের খাবারে সাপের বাচ্চা পাওয়া গেছে। যে খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) বিহারের সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো একটি এনজিও সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছিল। খাবার দেয়ার সময় এক শিক্ষার্থী তরকারির ভেতরে একটি মরা সাপের বাচ্চা দেখতে পায়।
এ ঘটনার পরপরই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী খাবার খাওয়া বন্ধ করে দেয়। এরপর একে একে বহু শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির অভিযোগ জানাতে শুরু করে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শিশু তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরিস্থিতি খারাপ হলে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
অনেক শিশুর অবস্থা দীর্ঘ সময় আশঙ্কাজনক ছিল। পরে কিছু শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। যে এনজিও খাবার সরবরাহ করছিল, তাদের রান্নাঘরেও তদন্ত দল পাঠানো হয়েছে।
প্রশাসন জানিয়েছে, খাবারে বিষক্রিয়া বা অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অভিভাবকেরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ওই এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































