ছবি : সংগৃহীত
‘ভারত ও চীন থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসে, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে’, বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প শেয়ার করেন, যেখানে ভারতকে হেলহোল বা নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়।
বৃহস্পতিবার সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন।’
তিনি বলেন, ‘এ বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’
মার্কিন কংগ্রেস সদস্য অ্যামি বেরা, যিনি ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান, ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও অজ্ঞতাপূর্ণ বলে আখ্যা দেন।
এ ছাড়া হিন্দু আমেরিকান ফাউন্ডেশন মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে।
এই বিতর্কিত মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কমানো।
আরও পড়ুন : বৃষ্টি নিয়ে সুখবর
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ভিসা ইস্যু নিয়ে আগে থেকেই কিছুটা উত্তেজনা ছিল। বিশেষ করে প্রযুক্তিখাতে কর্মরত ভারতীয়দের ভিসা ও বাণিজ্য শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































