ছবি : সংগৃহীত
নিজ বাড়ি থেকে সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ৩৫ বছর বয়সি এ গায়কের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ সংগীতশিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃতাবস্থায় পাওয়া যায় গায়ক বলজিৎ সিংকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহে পচন ধরা দেখা যায়।
আরও পড়ুন: মোদির ছবি বিতর্কে স্বস্তি পেলেন শ্রীলেখা
উদ্ধারের প্রায় চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
স্থানীয়দের তথ্যমতে, কয়েকদিন ধরে গায়ক বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। পরে দুর্গন্ধ আরও বেড়ে গেলে তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
এ সময় মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে ওই রক্তের উৎস এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ বলজিৎ সিংয়ের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ছাড়া তার বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না। বাড়িতে কেউ এসেছিল কি না। তা শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।
বলজিৎ সিংয়ের বোন জানান, এর আগে তার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা, সম্ভবত আবারও হার্ট অ্যাটাক হয়ে তিনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে এ ধারণা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































