ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালত এ নোটিশ পাঠায়।
তার বিরুদ্ধে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক মাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার দেয়া হয়েছিল।
বাদীপক্ষ জানায়, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।
আরও পড়ুন <<>> হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির-গৌরী
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।
এ বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































