Apan Desh | আপন দেশ

মুক্তি পেল বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২৪ মে ২০২৬

মুক্তি পেল বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’-এর প্রথম গান ‘এখানে কেউ নেই’। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আবহসংগীত, দৃশ্যায়ন ও রহস্যঘেরা উপস্থাপনার কারণে গানটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। এর সুর, সংগীত আয়োজন এবং কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। তার আবেগময় কণ্ঠ এবং ভিন্নধর্মী সংগীতায়োজন গানটিকে আরও গভীরতা দিয়েছে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে এটি অন্যতম নান্দনিক ও রহস্যময় উপস্থাপনা। প্রতিটি দৃশ্যে যেন লুকিয়ে আছে গল্পের নতুন নতুন ইঙ্গিত, যা পুরো চলচ্চিত্র সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণশৈলীও দর্শকদের নজর কেড়েছে। তার উপস্থাপনায় গানটির ভিজ্যুয়াল ভাষা হয়ে উঠেছে কাব্যিক ও প্রতীকধর্মী। আলো–ছায়ার ব্যবহার, চরিত্রগুলোর অভিব্যক্তি এবং দৃশ্য বিন্যাসে তৈরি হয়েছে রহস্যময় আবহ, যা দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ‘বনলতা সেন’ শুধু একটি প্রেমের গল্প নয়; এতে উঠে আসবে মানুষের অন্তর্গত নিঃসঙ্গতা, স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন এবং সময়ের ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতির গল্প। সে আবহেরই প্রথম আভাস মিলেছে ‘এখানে কেউ নেই’ গানটিতে।

আরও পড়ুন <<>> শাকিব খানের ‘রকস্টার’ পেল ‘ইউ’ সার্টিফিকেট

এর আগে সিনেমাটির বিভিন্ন পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার প্রথম গান প্রকাশের মাধ্যমে সে আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকেই মনে করছেন, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘বনলতা সেন’ হতে পারে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক সিনেমা উপহার দিতে চেয়েছেন তিনি। গল্প, সংগীত ও দৃশ্যায়নের সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বনলতা সেন’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়