Apan Desh | আপন দেশ

ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ২৮ এপ্রিল ২০২৬

ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

ছবি: সংগৃহীত

বিতর্কের মুখে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যার প্রেক্ষিতে ক্ষমাও চেয়েছেন এ অভিনেতা। সোমবার (২৭ এপ্রিল) ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এ ‘খলনায়ক’ তারকা।

আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এ গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না।

ভুল স্বীকারের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সঞ্জয়। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। একইসঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র বা যে কোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন <<>> বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

তবে এ ঘটনায় অপর অভিযুক্ত বলিউড ডিভা নোরা ফতেহি এদিন হাজিরা দেননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী একটি তারিখের জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল এ মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীরতা বা নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সে যুক্তি গ্রহণ করেনি। এরপরই নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করে নেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়