ছবি : আপন দেশ
জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।
গণমাধ্যমকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২–এর জেল সুপার হালিমা খাতুন।
এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এ বাউলশিল্পীকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেয়া হয়।
কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আবুল সরকারের জামিনের কাগজ রোববার (১২ এপ্রিল) কাশিমপুর কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে সোমবার বেলা সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে। এসময় কারাফটকে তার স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।
এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে ১৯ নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন : নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র্যাব ডিজি
ওই মামলায় আবুল সরকারকে গ্রেফতর দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































