Apan Desh | আপন দেশ

জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয়: ইবি ভিসি

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ২ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয়: ইবি ভিসি

ছবি: আপন দেশ

কোনো একক ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

তিনি বলেছেন, জুলাই আন্দোলন কেবল বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় এক অনুকরণীয় আন্দোলন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভ্যানচালক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সাফল্য অর্জিত হয়েছে।

রোববার (০২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম আয়োজিত চব্বিশের জুলাই: জনআকাঙ্ক্ষা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইবি ভিসি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতার বয়স একত্রিশ বছর চলছে। এ তিন দশকের ভেতরে সর্বশেষ সতেরো বছরে আমি তিনবার জীবননাশের হুমকির সম্মুখীন হয়েছি। আমাকে মারার জন্য ডরমিটরির প্রায় দশ থেকে পনেরোটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। তখন আমরা জুলাইয়ের যোদ্ধা হিসেবে আবির্ভূত হই নাই, আবির্ভূত হয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন থেকে। তাই জুলাই আন্দোলনকে ঘিরে বিভাজন তৈরি হলে ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা থেকে যায়। 

আরও পড়ুন<<>>ডাকসুর হল এজিএস শিবির নেতার কক্ষে সমকামিতা, সিট বাতিল

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা প্রসঙ্গে উপাচার্য বলেন, কোনো মানুষ ভুলের উর্ধ্বে নয়,  সমালোচনার উর্ধ্বে নয়। কাজ করলে সমালোচনা থাকবে কিন্তু সেটি যদি রিপিটেডলি হয়, তাহলে উদ্দেশ্যটি খুব ভালো বলে প্রমাণিত হয় না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। যৌক্তিক দাবি ও আবেদন প্রশাসন বিবেচনা করবে, তবে দাবির অজুহাতে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমি বিশ্ববিদ্যালয়ের ভেতরে শৃঙ্খলা আনয়নের জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে একটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে, পরিচালিত হোক—এটি আমি কখনোই প্রত্যাশা করি না।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন জুলাই আন্দোলনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন,পহেলা জুলাই যখন আন্দোলন তুঙ্গে, তখন জীবনের ঝুঁকি নিয়ে প্রথম শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলাম। তবে দুঃখের বিষয়, বিপ্লবের বর্ষপূর্তিতে কোনো জুলাই যোদ্ধা আমাকে সামান্য শুভেচ্ছা পর্যন্ত জানায়নি। শুধু একজন শিক্ষার্থী আমাকে উইশ করেছে। শুনতে খারাপ লাগলেও এটিই বাস্তবতা।

আন্দোলনের মূল লক্ষ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা চেয়েছিলাম দেশের সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবারকে যুক্ত করতে। জুলাই বিপ্লবের অনেক আকাঙ্ক্ষার মধ্যে বড় একটি দাবি ছিল নির্বিঘ্নে ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করা। গণ-আকাঙ্ক্ষা অন্তত বাস্তবায়িত হয়েছে বলে মনে করি।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়