Apan Desh | আপন দেশ

শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়: ভিসি

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩১, ২০ জুলাই ২০২৬

শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়: ভিসি

ছবি: আপন দেশ

বর্তমান সময়ে শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়। সনদ অর্জনের পাশাপাশি দক্ষ, সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত একজন গ্র্যাজুয়েট এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সোমবার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইবি উপাচার্য বলেন, শিল্পবিপ্লব এবং এআই প্রযুক্তির এ সময়ে আমরা প্রতিটি পরতে পরতে উপলব্ধি করছি—আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের দক্ষ জনবলের অনেক অভাব। সামনের দিনগুলোয় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একাগ্রচিত্ত নিয়ে যারা মোকাবিলা করতে সক্ষম হবে, তারাই সফলকাম হবে। এজন্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। 

আরও পড়ুন<<>>সন্তান হত্যার বিচার চাইলেন সাজিদের বাবা

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে ইবি উপাচার্য বলেন, একজন গ্র্যাজুয়েটকে তৈরি করতে রাষ্ট্রের যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সে অর্থকে যথাযথ ব্যবহারের দায়িত্ব শিক্ষকদের। আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চিতভাবে সে কাজটি করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনন এবং তাদের বিকশিত হওয়ার যে জায়গাগুলো, সেটি আপনারা অবারিত রাখবেন। সে জায়গাতে আপনারা ভূমিকা রাখবেন—এটি আপনাদের প্রতি আমার অনুরোধ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একজন বিজ্ঞানী তৈরি করার ক্ষেত্রে যে ধরনের সহায়তা দেয়া দরকার, সেটি অবারিত রাখা হবে বলেও আশ্বাস দেন ইবি উপাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিনহাজউল হক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement