Apan Desh | আপন দেশ

ঢাবি ছাত্রদল নেতা হামিম শোকজ, দেবেন না লিখিত জবাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবি ছাত্রদল নেতা হামিম শোকজ, দেবেন না লিখিত জবাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে সংগঠনের পক্ষ থেকে তাকে এ নোটিস দেয়া হয়। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত নোটিসে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না—এ বিষয়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

তবে নোটিস পাওয়ার পর রাত ১টার দিকে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় হামিম জানান, তিনি লিখিত জবাব দেবেন না।

ভিডিওতে তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তার দাবি, ওই আয়োজনের কারণেই তাকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন <<>>পূর্ণ বেতন-বোনাস পাচ্ছেন ইবির বহিষ্কৃত শিক্ষকরা

হামিম বলেন, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা যদি মনে করেন তিনি ভুল করেছেন, তবে সে দায় তিনি স্বীকার করছেন এবং এজন্য ক্ষমা চাইতেও প্রস্তুত। তবে লিখিত জবাব দেয়ার নির্দেশ মানবেন না বলেও স্পষ্ট জানান তিনি।

তিনি আরও দাবি করেন, কেন তাকে শোকজ করা হয়েছে তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। বিষয়টি জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদককে ফোন করলেও নির্দিষ্ট কারণ জানতে পারেননি বলে জানান।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শেখ তানভীর বারী হামিম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch