ফাইল ছবি
দু’দিনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করে সংগঠনটি।
এর ফলে এলপিজি সরবরাহ ও ব্যবসা কার্যক্রম ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিরসনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহবান জানান।
একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন <<>> ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেবে সরকার
সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই প্রধান উৎস হিসেবে রয়েছে, অন্য উৎসগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখা এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার কাজ করছে।
জ্বালানিমন্ত্রী বলেন, এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সরকারের পক্ষ থেকে জনগণের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান মন্ত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































