Apan Desh | আপন দেশ

ডিএসইর ছাড়ে আইপিও আনার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩০, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:২০, ৩১ আগস্ট ২০২৬

ডিএসইর ছাড়ে আইপিও আনার চেষ্টা

ছবি: আপন দেশ

শেয়ার বাজারে ভালো মানের কোম্পানি আকৃষ্ট করতে লিস্টিং ফিতে বড় ধরনের ছাড় দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও ডিরেক্ট লিস্টিংয়ে আগ্রহী কোম্পানিগুলো এ বিশেষ সুবিধা পাবে।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দ্য কারেন্ট স্টেট অব দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানান ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

মাসুদ খান বলেন, নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে উচ্চ লিস্টিং ফি অন্যতম বাধা। নতুন ইস্যুয়ারদের উৎসাহিত করতে ডিএসইর বোর্ড সম্প্রতি লিস্টিং ফি সর্বোচ্চ ৮০ শতাংশ কমিয়ে সর্বোচ্চ ১৫ লাখ টাকা নির্ধারণ করেছে। এর পাশাপাশি আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে আইপিও বা ডিরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করলে নির্ধারিত ফিতে আরও ৫০ শতাংশ ছাড় দেয়া হবে।

তিনি বলেন, লেনদেনে গতি আনতে ‘স্ট্রিপ নেটিং’ ও ‘টি+১’ নিষ্পত্তি ব্যবস্থার প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক প্রস্তুতির অনুমোদন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এগুলো কার্যকর হতে পারে। ডিএসইর ওয়েবসাইটের আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে।

আরও পড়ুন <<>> ই-সেবায় নাগরিকের তথ্য নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা

বন্ডের তালিকাভুক্তি বাড়াতে অনুমোদনের ক্ষেত্রে লিস্টিং বাধ্যতামূলক করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বাজারের উন্নয়ন ও গভর্ন্যান্স জোরদারে ডিএসই ও বিএসইসি সমন্বিতভাবে কাজ করছে। ভালো আইপিও আনা, ফ্রি মার্জিন ও সিসি অ্যাকাউন্ট ব্যবস্থাপনাসহ আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেও কাজ চলছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, লিস্টিং ফি কমানো ও অতিরিক্ত ছাড়ের সুযোগ শেয়ার বাজারে ভালো কোম্পানি আকৃষ্ট করতে সহায়ক হবে। 

আপন‌ দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়