ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমা দাবি পরিশোধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রথম ধাপে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের বকেয়া পাওনার আংশিক মেটানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) থেকে প্রতিষ্ঠানটির ৫২৩ জন গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়।
আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অর্থ হস্তান্তর সম্পন্ন হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়ন করা হয়। পরে ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে।
দেশের বিমা খাতে বছরের পর বছর মেয়াদ পূর্তির টাকা বা বিমা দাবি না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ গ্রাহক। নির্দিষ্ট সময়ে টাকা না পাওয়া, বিমা প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা এবং অর্থ আত্মসাতের অভিযোগে তৈরি হয়েছে আস্থার সংকট। এতে বিমা গ্রাহকদের দৈনন্দিন ও পারিবারিক আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। আইডিআরএর কঠোর ও তদারকিমূলক পদক্ষেপে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসানের নতুন আশার সঞ্চার হয়েছে।
আরও পড়ুন <<>> ব্যাটারি কোম্পানির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি
সংস্থাটি জানিয়েছে, ফারইস্টের অবশিষ্ট বকেয়া দাবিগুলোও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এর জন্য কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় কাজ করছে আইডিআরএ। খাতে সুশাসন প্রতিষ্ঠায়ও কাজ করছে সংস্থাটি। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
তিনি আরও জানান, এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে আরও সাতটি বিমা কোম্পানির দীর্ঘদিনের আটকে থাকা দাবি নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
আপন দেশ/মিম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































