ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের শীর্ষ দেশ চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। এতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন।
এ সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
অন্যদিকে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের রফতানি নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দেশটির রফতানি বেড়েছে ২ দশমিক ৮৮ শতাংশ। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। দেশটির রফতানি ৫৭ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে এ পরিবর্তনের পেছনে বৈশ্বিক বাণিজ্যনীতি ও শুল্ক ব্যবস্থার প্রভাব রয়েছে। তবে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও কমেছে। আলোচ্য সময়ে দেশটি বিশ্ববাজার থেকে মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।
আরও পড়ুন<<>> মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে
বাংলাদেশের রফতানি কমার পেছনে শুধু অর্ডার কমে যাওয়া নয়, ইউনিট মূল্য ও রফতানির পরিমাণ কমে যাওয়াও বড় কারণ। এ সময়ে ইউনিট মূল্য কমেছে ২ দশমিক ৪৭ শতাংশ এবং রফতানি পরিমাণ কমেছে ৬ দশমিক ২১ শতাংশ।
এদিকে প্রতিযোগিতা বাড়াচ্ছে কম্বোডিয়াসহ অন্যান্য দেশ। একই সময়ে কম্বোডিয়ার রফতানি বেড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, চীনের রফতানি কমে যাওয়ায় বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো কঠিন হচ্ছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এ পরিস্থিতিতে টিকে থাকতে হলে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন দক্ষতা এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
সংশ্লিষ্টদের মতে, সঠিক কৌশল নেয়া গেলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব আরও বাড়ানোর সুযোগ এখনও রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































